তিন বছরে আড়াই কোটি কৃষকের কার্ড: ডিজিটাল ডাটাবেজে ভর্তুকি প্রদান সহজ হবে

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ১০:২৫ এএম
তিন বছরে আড়াই কোটি কৃষকের কার্ড: ডিজিটাল ডাটাবেজে ভর্তুকি প্রদান সহজ হবে

কৃষি মন্ত্রী মো. আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে অনলাইন কৃষক কার্ডের আওতায় আনা হবে। শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। দেশের প্রকৃত কৃষকদের চিহ্নিত করে একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার থেকে সারাদেশে কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৪৫ হাজার কৃষকের কার্ড ইস্যু করা হয়েছে। প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে এই কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সব তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে, যা সরকারি সুযোগ-সুবিধা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করবে।

এ সময় তিনি নিবন্ধন বুথে জাতীয় পরিচয়পত্র যাচাই ও তথ্য সংরক্ষণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন যেন মাঠপর্যায়ে কোনো হয়রানি বা অনিয়ম না হয় এবং প্রকৃত কৃষকরা যেন সঠিকভাবে নিবন্ধনের সুযোগ পান। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, নিবন্ধনের সময় ভুল তথ্য দিলে ভবিষ্যতে সরকারি সেবা পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...