সাইবার হ্যাকিংয়ে ১২ কোটি টাকার মদ আমদানি, মূলহোতা গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ৭:৩৮ এএম
সাইবার হ্যাকিংয়ে ১২ কোটি টাকার মদ আমদানি, মূলহোতা গ্রেফতার

শুল্কমুক্ত পোশাকের ঘোষণায় চীন থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূলহোতা শেখ সেজানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। নেপালে পালানোর উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাওয়ার সময় গত ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে হাফেজ ট্রেডিংসহ চক্রের অন্য সাত সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর বন্দর থানায় দায়ের হওয়া মামলার তদন্তে জানা যায়, চক্রটি কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে প্রায় ১১ হাজার ৬৭৬ লিটার মদ আমদানি করে ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা চালায়। তদন্তে সেজানের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা এবং সার্ভার হ্যাকিংয়ের সাথে সম্পৃক্ততার প্রমাণ মেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সেজান নড়াইলের লোহাগড়া থানাধীন নিজ বাড়ি থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ২০২৪ সালের ২০ মে একজন কাস্টমস কর্মকর্তার ইউজার আইডি দিয়ে অবৈধভাবে সার্ভারে প্রবেশ করেন। ডিজিটাল আলামত হিসেবে তার ব্যবহৃত মোবাইল সেটটি আগেই জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও তথ্যপ্রযুক্তি আইনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...