৩ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কার্ড, শুরু নিবন্ধন
দেশের কৃষকদের একটি আধুনিক ও নির্ভুল ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে বড় পরিসরে কাজ শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে প্রায় দুই কোটি ৭০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ। এরই মধ্যে গত বৃহস্পতিবার থেকে সারাদেশে অনলাইনে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে তিনি জানান, প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে এই কার্ড প্রদান করা হবে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ইতিমধ্যে ৪৫ হাজার কৃষকের কার্ড ইস্যু করা সম্পন্ন হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের এনআইডি যাচাই করে কেন্দ্রীয় সার্ভারে তথ্য সংরক্ষণ করা হবে, যা সরকারি সুবিধা বিতরণে স্বচ্ছতা আনবে।
মন্ত্রী জানান, কৃষক কার্ডের সুবাদে সরকারি ভর্তুকি, প্রণোদনা, উন্নতমানের বীজ ও সার এবং কৃষি ঋণ প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো সহজ হবে। তবে নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদানের ওপর জোর দিয়ে তিনি বলেন, ভুল তথ্য দিলে ভবিষ্যতে সরকারি সেবা পেতে জটিলতার সৃষ্টি হতে পারে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।

