ভাটারায় ছাত্রকে মাদক খাইয়ে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইলে গ্রেফতার ৩
রাজধানীর ভাটারায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে রেখে জোরপূর্বক মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জোয়ার সাহারা বাজার এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বন্ধু পরিচয়ে ওই বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ইয়াবা সেবনে বাধ্য করা হয় এবং ওই দৃশ্য ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপরও বাড়তি টাকা দাবি করা হলে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে রুমের ভেতরে তালা লাগিয়ে দেন।
এক পর্যায়ে বারান্দায় গিয়ে চিৎকার করলে নিচতলায় থাকা লোকজন বিষয়টি বুঝতে পারেন। পরিস্থিতি দেখে কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে ওই তিন আসামিকে আটক করা হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে তার বক্তব্য নিয়েছে পুলিশ। বর্তমানে ঘটনার প্রকৃত কারণ ও মাদদের সংশ্লিষ্টতা যাচাই করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

