কাস্টমস সার্ভার হ্যাক করে ১২ কোটি টাকার মদ আমদানি, প্রধান আসামি গ্রেফতার
শুল্কমুক্ত ফেব্রিক্সের ঘোষণা দিয়ে চীন থেকে বিপুল পরিমাণ মদ ও সিগারেট আমদানির ঘটনায় জড়িত সিন্ডিকেটের মূলহোতা শেখ সেজানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তিতে দক্ষ এই আসামিকে নেপাল পালানোর সময় গত বুধবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, সেজান তার তথ্যপ্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে হ্যাকিং করে প্রায় ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ আমদানির চেষ্টা চালায়। এর মাধ্যমে তারা প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করেছিল। এর আগে এই ঘটনায় হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান খালেদ হোসেন মামুনসহ সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ।
তদন্তে জানা যায়, চক্রটি কাস্টমসের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে অফিসারদের ইউজার আইডি হ্যাক করে এলসি রেজিস্ট্রেশন ও পণ্য খালাসের প্রক্রিয়া সম্পন্ন করত। গত ২০ মে এক কর্মকর্তার আইডি দিয়ে অননুমোদিতভাবে লগইন করে এই কাজ করেন সেজান। এজন্য নড়াইলের লোহাগড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রযুক্তি ব্যবহারের আলামত ও মোবাইল সেট উদ্ধার করেছিল। বন্দর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

