চট্টগ্রামে নিরাপত্তাকর্মী হত্যা: ৪ ঘণ্টায় গ্রেফতার ৭ আসামি

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ২:৫০ এএম
চট্টগ্রামে নিরাপত্তাকর্মী হত্যা: ৪ ঘণ্টায় গ্রেফতার ৭ আসামি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় এক নিরাপত্তাকর্মীকে বর্বরোচিতভাবে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

গত ১৫ জুলাই রাত ১০টার দিকে ওই এলাকার একটি গ্যারেজে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা নিরাপত্তাকর্মী আবু সিদ্দিককে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধরের পাশাপাশি রিকশার চাকার লোহার রিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে মিনি পিকআপে তুলে পালায় তারা।

এ ঘটনায় শুক্রবার ডবলমুরিং মডেল থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)-কে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং এতে আর কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...