লন্ডনে জুলাই শহীদ দিবস পালন: শহীদদের স্মরণে হাইকমিশনে আলোচনা সভা
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় হাইকমিশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করা হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অনুষ্ঠানের সূচনা হয় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের ত্যাগকে জাতির ইতিহাসের এক অনন্য মাইলফলক বলে অভিহিত করেন। তিনি আইনের শাসন, গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি এবং জমিয়তে উলামায়ে ইসলামের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সবাইকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

