এথেন্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস
গ্রীসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে গ্রিক রাজনীতিবিদ এবং বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিস-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জর্জিওস কৎসোস। তিনি তার বক্তব্যে দুই দেশের মধ্যে দৃঢ়মৈত্রীর কথা তুলে ধরেন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এথেন্স স্কুল অফ ফাইন আর্টসের রেক্টর অধ্যাপক ড. ইরাতো চেটজিসাভা বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের মানুষের প্রতি গভীর সংহতি প্রকাশ করে আত্মত্যাগ ও ন্যায়বিচারের জন্য সংগ্রামের সার্বজনীন গুরুত্বের ওপর আলোকপাত করেন।
দূতাবাসের প্রধান রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনান। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে দিনটির গুরুত্ব তুলে ধরেন। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

