জুলাই গণঅভ্যুত্থানের ধারায় গঠিত বর্তমান সরকার: মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের মতো শক্তির ওপর ভর করেই জনগণের ভোটে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের মূল চেতনা বুকে নিয়েই জুলাই সনদে সই হয়েছে। বর্তমান সরকার বিএনপির নোট অব ডিসেন্টসহ সেই সনদের পূর্ণ বাস্তবায়নের প্রতি পূর্ণ আন্তরিক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী জানান, এই আলোচনা সভা শোকের পরিবর্তে শক্তি সঞ্চয়ের মঞ্চ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং স্বাস্থ্যখাতে ব্যয় হ্রাসের লক্ষ্যেও পদক্ষেপ নেওয়া হয়েছে।
চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমকে স্মরণ করে মীর হেলাল বলেন, ওয়াসিম শুধুমাত্র ছাত্রদলের একজন কর্মী ছিলেন না, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা একজন বীর যোদ্ধা ছিলেন। প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো চেতনা নিয়ে ব্যবসা করেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, আন্দোলনে শহীদ ও আহতদের নির্ভুল ইতিহাস সংরক্ষণে সরকার কাজ করছে। তিনি ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

