জুলাইয়ের স্পৃহা ধরেই বিএনপি সরকার প্রতিষ্ঠিত: মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত জুলাই গণঅভ্যুত্থানের সেই শক্তির ধারাবাহিকতায় জনগণের ভোটের মাধ্যমেই বর্তমান বিএনপি সরকার গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেই গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। বিএনপির নোট অব ডিসেন্টসহ ওই সনদের পূর্ণ বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবে রূপ নিয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং স্বাস্থ্যসেবার খরচ কমাতেও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এসময় চট্টগ্রামের প্রথম জুলাই শহীদ ওয়াসিমের প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, ওয়াসিম কেবল ছাত্রদলের সদস্য ছিলেন না, তিনি ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো এই চেতনা নিয়ে ব্যবসা করেন না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক ইতিহাস সংরক্ষণে মন্ত্রণালয় কাজ করছে। তিনি দেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

