বাথরুমে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সিয়ামের মৃত্যু, শেষ হলো চার দিনের লড়াই

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ৯:৫১ এএম
বাথরুমে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সিয়ামের মৃত্যু, শেষ হলো চার দিনের লড়াই

বুকভরা স্বপ্ন নিয়ে একাদশ শ্রেণির ছাত্র সিয়াম আর পৃথিবীর মাটি দেখতে পেলেন না। রাজধানীর বংশালে গ্যাস লিকেজের কারণে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার জীবনপ্রদীপ নিভে যায়। শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালের বার্ন ইউনিটে রাখা হয়েছিল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দিবাগত রাতে নিজ বাসার বাথরুমে ধূমপানের জন্য লাইটার জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনে দগ্ধ হন তিনি। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, নিল ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত দ্বীন ইসলাম সিয়াম (২০) মুন্সীগঞ্জের বিক্রমপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে বংশালের নাজিমুদ্দিন রোডে থাকতেন। পড়াশোনার পাশাপাশি চকবাজারের একটি পলিথিনের দোকানে কর্মরত ছিলেন এই তরুণ। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...