জুলাই বিপ্লবের চেতনায় বিএনপির সরকার গঠন: মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জনগণের ভোটে গঠিত বর্তমান বিএনপি সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে লালন করেই ক্ষমতায় এসেছে। তিনি জানান, গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে গঠিত জুলাই সনদ এবং বিএনপির নোট অব ডিসেন্ট বাস্তবায়নে সরকার একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য ও চিকিৎসার খরচ কমানোর উদ্যোগও গ্রহণ করা হয়েছে। তিনি চট্টগ্রামের প্রথম জুলাই শহীদ ওয়াসিমকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নির্ভুল তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। দেশে যেন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঘটতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

