আবারও ১ নভেম্বরে জাতীয় যুব দিবস, বৃষ্টির কারণে সিদ্ধান্ত পরিবর্তন

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৮:০৭ পিএম
আবারও ১ নভেম্বরে জাতীয় যুব দিবস, বৃষ্টির কারণে সিদ্ধান্ত পরিবর্তন

বর্ষাকালীন প্রতিবন্ধকতা এড়াতে জাতীয় যুব দিবস পুনরায় আগের তারিখ ১লা নভেম্বরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে আগামী থেকে আন্তর্জাতিক যুব দিবস (১২ আগস্ট) এবং জাতীয় যুব দিবস (১ নভেম্বর) আলাদা দুটি দিনে পালিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুটি দিবস একই দিনে (১২ আগস্ট) পালনের সিদ্ধান্ত হয়েছিল। তবে বাস্তবে দেখা যায়, আগস্ট মাসে বৃষ্টির কারণে যুব র‍্যালি, যুবমেলা ও সমাবেশের মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এতে যুব উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং কাঙ্ক্ষিত বাণিজ্যিক সাফল্যও আসছিল না।

বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপিত প্রস্তাবে উল্লেখ করা হয়, দুই দিবস একত্রে পালন করলে সরকারি অর্থায়নে জাতীয় যুব দিবসের আয়োজন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। আন্তর্জাতিক দিবসটি সরকারি-বেসরকারি সহযোগিতায় পালিত হলেও জাতীয় দিবসের প্রধান আয়োজন সরকারের নিজস্ব বাজেটে হয়। সব বিষয় বিবেচনা করে মন্ত্রিসভা দুই দিবস আলাদা করে পালনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...