ইউরোপের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগে নতুন গতি, রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত পাঁচটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এই জরুরি বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারস্টেন অংশ নেন। এসময় বিনিয়োগ বাড়াতে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা খাত এবং বেসামরিক বিমান চলাচল বা এভিয়েশনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। পারস্পরিক স্বার্থে এই সম্পর্ককে আরও বহুমাত্রিক করার ওপরও জোর দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আস্থা ও সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। ইউরোপীয় কূটনীতিকরাও বাংলাদেশের সাথে তাদের দেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

