বিজিবি মহাপরিচালক: বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বৃক্ষরোপণ কোনো সাধারণ কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মহৎ দায়িত্ব ও সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। ১৬ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা করেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর নির্দেশ দেন।
মহাপরিচালক বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব। তিনি জানান, এ বছর বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে ৭৩০০০ বৃক্ষ রোপণ করা হবে এবং উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

