অনলাইন জুয়ার আখড়ায় হাজার কোটি লেনদেন, ৬৬০০ সিমসহ গ্রেফতার ৬
দেশে পরিচালিত অনলাইন জুয়ার ওয়েবসাইটগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির ভাষ্যমতে, এই অর্থের একটি বড় অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে। এ ঘটনায় গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার কয়েকটি ওয়েবসাইট ও অ্যাপ শনাক্ত করে। পরে এমএফএস অ্যাকাউন্ট বিশ্লেষণ করে এই চক্রটিকে শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আরিফুল ইসলাম রিফাত, মো. আরমান হোসেন জিহাদ, মাসুদ হোসেন, আব্দুল রাব্বী, কৌশিক আহমেদ শুভ ও মশিউর রহমান তারেক।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আরিফুলের বিরুদ্ধে ইতিমধ্যে চারটি মামলা রুজু হয়েছে। তাদের কাছ থেকে ৬ হাজার ৬০০টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড, ৬৭টি অন্যান্য সিম, একটি ল্যাপটপ, ৭০টির বেশি মোবাইল ডিভাইস এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা গেছে, তারা প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার লেনদেন করত। অবৈধ এই আয় দিয়েই বিলাসবহুল জীবনযাপন করতেন আরিফুল, যিনি সম্প্রতি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিএমডব্লিউ গাড়ির বদলে নতুন আরেকটি কিনেছেন।

