সৌরবিদ্যুতে নতুন মাত্রা: সেপ্টেম্বরেই গ্রিডে আসছে ৫ মেগাওয়াট
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও বিদ্যুৎ উৎপাদনের উৎস বৈচিত্র্যময় করতে আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে আরও ৫ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ যুক্ত করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, সরকারের সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এসব রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।
জ্বালানির বহুমুখীকরণ নিশ্চিত করতে বিপিডিবি সারা দেশে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজ জোরদার করেছে। এর অধীনে ঘোড়াশালে ১ দশমিক ৩ মেগাওয়াট, খুলনায় দশমিক ২৬ মেগাওয়াট, রাজশাহী প্রশিক্ষণকেন্দ্রে দশমিক ১২ মেগাওয়াট, চট্টগ্রাম প্রশিক্ষণকেন্দ্রে দশমিক ১৩ মেগাওয়াট, বিবিয়ানায় দশমিক ৪০ মেগাওয়াট এবং বড়পুকুরিয়ায় দশমিক ২৫ মেগাওয়াট ক্ষমতার প্যানেল স্থাপন করা হচ্ছে।
ছাদভিত্তিক প্রকল্পের পাশাপাশি আরও ৭৭ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি বৃহৎ সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নিচ্ছে সংস্থাটি। ৫০, ২০ ও ৭ দশমিক ৫ মেগাওয়াটের এসব প্রকল্পের দরপত্র ইতিমধ্যে খোলা হয়েছে। বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন শেষে আগামী মাসে এ প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে জমা দেওয়া হবে, যা পরবর্তীতে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

