বিমানের বহরে নতুন এয়ারবাস: ইউরোপীয় দূতদের সাথে বৈঠকে আগ্রহ মন্ত্রীর
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দেশীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি টেকসই মিশ্র বহর গড়ে তোলার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান তারা। এ সময় উভয় পক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনিয়া টেরস্টেন এবং ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ বাইবা জেরিন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ও মন্ত্রীর এমন আগ্রহের জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা বিমান কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

