বিশেষ দেশের স্বার্থে শিক্ষা-স্বাস্থ্য ধ্বংস করেছিল স্বৈরাচারীরা: প্রধানমন্ত্রী
পূর্ববর্তী ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে সুবিধা পাইয়ে দিতে এবং নিজেদের প্রভুদের খুশি করতে ওই সময় ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছিল। গতকাল বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের চরম অবনতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী তার পারিবারিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক হওয়ায় তিনি স্বাস্থ্য খাতের ভেতরের হাল হকিকত খুব কাছ থেকে দেখেছেন। স্বৈরাচারীরা পরিকল্পিতভাবে দেশের বড় হাসপাতালগুলোকে অকার্যকর করে রেখেছিল যাতে রোগীরা বাধ্য হয়ে বিশেষ কোনো দেশে গিয়ে চিকিৎসা নেয়। এছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জাতিকে ধ্বংস করতে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করাই যথেষ্ট, যা স্বৈরাচারীরা বাস্তবায়ন করেছিল।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এই দুই গুরুত্বপূর্ণ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

