বন্যার পানি নামলেও থামেনি দুর্ভোগ, লাখো মানুষের নতুন লড়াই

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৯:৪৫ পিএম
বন্যার পানি নামলেও থামেনি দুর্ভোগ, লাখো মানুষের নতুন লড়াই

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাত জেলায় বন্যার পানি নামতে শুরু করলেও সেখানকার মানুষের দুর্ভোগের লাগাম টানা সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে মানুষ দেখছে তাদের সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। বসতঘর ধসে পড়া বা কাদায় তলিয়ে যাওয়া, ফসলের ব্যাপক ক্ষতি এবং খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন লাখো মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, এই বন্যায় দেশের ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। প্রায় ৬ লাখ ৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে ছিল। বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় ক্ষতি সবচেয়ে বেশি। জেলা প্রশাসনের হিসাবে চট্টগ্রামে প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কৃষি ও মৎস্য খাতেও বিপুল ক্ষতি হয়েছে। প্রায় ১৪ হাজার ৩০০ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় ধান, সবজি ও পানের বরজ নষ্ট হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার মাছের ঘের ও চিংড়ি খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় এ খাতে প্রায় ৩৯ কোটি টাকার লোকসান হয়েছে। বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পানি ঢোকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজ চললেও সবকিছু হারিয়ে ঘরছাড়া মানুষের সামনে এখন জীবিকা ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার কঠিন চ্যালেঞ্জ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...