বন্ধ বস্ত্রকল চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ৫:৪৯ পিএম
বন্ধ বস্ত্রকল চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) অধীন বন্ধ হয়ে যাওয়া সরকারি বস্ত্রকলগুলো পুনরায় চালু ও লাভজনক করার লক্ষ্যে কাজ করছে সরকার। গত বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানিয়েছেন। সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে এ বিষয়ে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বিটিএমসির নিয়ন্ত্রণাধীন ১৫টি বন্ধ ও অচল সরকারি বস্ত্রকল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং বেসরকারি উদ্যোগে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আরও দুটি বন্ধ বস্ত্রকল দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে চালু করা হবে। দেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধারের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পও গ্রহণ করা হয়েছে, যার আওতায় মসলিন উদ্যোক্তা এবং তাঁতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

পাট ও বস্ত্র খাতে বিনিয়োগের জন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে বলেও জানান তিনি। পাটপণ্য রপ্তানিতে আর্থিক প্রণোদনা এবং পাটপণ্য ক্রয়-বিক্রয়ের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে। বস্ত্র খাতে বিনিয়োগকারীরা শুল্কমুক্তভাবে মেশিনারি আমদানির সুবিধা পাচ্ছেন। এছাড়া উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের মাধ্যমে পাটচাষিদের বীজ সরবরাহ ও মনিটরিং করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...