চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে পতেঙ্গা প্রকল্পের কাজ প্রায় শেষ

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৩:৫০ পিএম
চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে পতেঙ্গা প্রকল্পের কাজ প্রায় শেষ

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে পতেঙ্গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান প্রকল্পের কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এটি চালু হলে বন্দরনগরের পানি নিষ্কাশনের সুবিধা নিশ্চিত হবে এবং জলাবদ্ধতার যন্ত্রণা অনেকাংশেই লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার সচিবালয়ে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা ও সমন্বয় বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, গত ৬ জুলাই থেকে চট্টগ্রাম বিভাগে অস্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দেশে গড়ে প্রায় ২ হাজার ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও অল্প সময়ের ব্যবধানে অতিরিক্ত বৃষ্টির কারণে চট্টগ্রামে বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। তবে বর্তমানে বৃষ্টি কমে আসায় নদ-নদীর পানি নিম্নমুখী এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

গত ১২ জুলাই মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে সাথে নিয়ে চট্টগ্রাম পরিদর্শন করেছেন বলেও জানান ফরহাদ হোসেন আজাদ। তিনি সরেজমিনে খতিয়ে দেখেছেন যে, মন্ত্রণালয়ের চলমান কোনো প্রকল্পের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কি না। ওই সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...