সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার সাজেন হরিদাস, ৯.৩৫ কোটি টাকার লেনদেন

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৩:৩৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার সাজেন হরিদাস, ৯.৩৫ কোটি টাকার লেনদেন

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচিত হরিদাস চন্দ্র তরনীর ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে প্রায় সাড়ে নয় কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পায় সিআইডি। বৈধ আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও বিপুল এই অর্থ লেনদেনের কারণে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক অনুসন্ধানে হরিদাসের আয়ের বৈধ কোনো প্রমাণ মেলেনি। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মানুষের বিশ্বাস অর্জনের জন্য তিনি প্রধানমন্ত্রীর সাথে তৈরি করা এডিটেড ছবি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সেভ করা ভুয়া ফোনকল লিস্ট দেখাতেন। এছাড়া সরকারি চাকরি ও বদলির প্রলোভন দেখিয়ে এবং হুন্ডি ব্যবসার মাধ্যমে এই টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সম্প্রতি অর্থ পাচার ও সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়। বর্তমানে এই অর্থের আসল উৎস, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি এবং সম্ভাব্য পাচারের নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে সংস্থাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...