বাসাভাড়ার মাত্র ১ হাজার টাকার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১:৪৮ পিএম
বাসাভাড়ার মাত্র ১ হাজার টাকার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে বকেয়া এক হাজার টাকার ভাড়ার দাবিতে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. স্বপন (৬০)। তিনি পেশায় একজন প্রসাধনী ব্যবসায়ী এবং মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বপন তার ভাইয়ের সাথে ওই কোয়ার্টারের একটি কক্ষে সাবলেট হিসেবে বসবাস করতেন। মাসিক ভাড়া ছয় হাজার টাকা হলেও চলতি মাসে মাত্র এক হাজার টাকা বকেয়া ছিল। বাকি টাকা পরিশোধের জন্য সময় চাওয়ায় রিজভী নামে এক ব্যক্তি ও তার চাচাতো ভাই রোহান ক্ষিপ্ত হয়ে ওঠেন।

স্বপনের ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, রিজভী ভোর ৪টার দিকে তাদের কক্ষে ঢুকে হামলা চালান। এসময় তিনি বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয় এবং স্বপনকে বেধড়ক কিল-ঘুষি মেরে কোয়ার্টারের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিজভী ও রোহান নামের দুইজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...