চট্টগ্রাম বন্দরে দুই বছরে ২০৮ জনের চাকরি, পদোন্নতি ১৪৬৪ জনের

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১২:৫০ পিএম
চট্টগ্রাম বন্দরে দুই বছরে ২০৮ জনের চাকরি, পদোন্নতি ১৪৬৪ জনের

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে মানবসম্পদ ব্যবস্থাপনায় যুতান্ত ইতিবাচক পরিবর্তন এসেছে। গত দুই বছরে এখানে স্বচ্ছতা ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন হয়েছে। এ সময়ে সরাসরি ২০৮ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি পেয়েছেন।

বন্দর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ আগস্ট রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকেই এই কার্যক্রমে গতি আসে। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই ২০৮ জনকে নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে মাত্র ১৪৪ জনকে সরাসরি নিয়োগ এবং ৭৯৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট নিয়োগের প্রায় ৫৯ শতাংশ এবং মোট পদোন্নতির প্রায় ৬৫ শতাংশই হয়েছে গত দুই বছরে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক বন্দর পরিচালনার জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। বর্তমান প্রশাসন কর্মীদের মনোবল ও কল্যাণের ওপর গুরুত্ব দিয়ে মেধাভিত্তিক এই নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর ফলে বন্দরের সার্বিক কার্যক্রম আরও বেগবান হয়েছে এবং সেবার মান উন্নত হয়েছে বলে দাবি করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...