রাজধানীর নিউমার্কেটে ২৪ ঘণ্টা পরও পানি, সড়কে আবর্জনার স্তূপ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১২:০৮ পিএম
রাজধানীর নিউমার্কেটে ২৪ ঘণ্টা পরও পানি, সড়কে আবর্জনার স্তূপ

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেট ও সংলগ্ন সড়কগুলোতে ভারী বৃষ্টির পর একদিন অতিক্রম হলেও পানি নেমে যায়নি। গত রোববারের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা সোমবার সকাল পর্যন্ত স্থায়ী হওয়ায় এলাকার স্বাভাবিক যান চলাচল ও জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অন্যান্য সময় ৩-৪ ঘণ্টায় পানি নামলেও এবার ২৪ ঘণ্টা পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেট এলাকার বিভিন্ন স্থানে এখনও পানি জমে আছে। পানি কমে আসার পর সড়কে পলিথিন, প্লাস্টিকের বোতল ও ময়লার স্তূপ দেখা গেছে। আইয়ুব আলী কলোনির বাসিন্দারা জানিয়েছেন, রোববার বাসাঘরে পানি ঢুকে পড়লেও সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে সকাল থেকেই আবার বৃষ্টি শুরু হওয়ায় তাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। পানির তোড়ে সড়কের বিটুমিন ও পাথরের স্তর উঠে যাওয়ায় রাস্তার স্থায়ী ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ড্রেনে ময়লা ও আবর্জনা জমে থাকায় পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। রোববার ভ্যানচালকরা জনপ্রতি ১০ টাকা হারে মানুষ পারাপার করলেও সোমবার তাদের দেখা যায়নি। পানি ঠেলে ধীরগতিতে যানবাহন চলাচল করলেও সোমবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় ওই এলাকার দুর্ভোগ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...