ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি: খাবার নেই, চিকিৎসা নেই, শুধুই অবহেলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিটস এয়ারের একটি ফ্লাইটের যাত্রীদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ঢাকা থেকে কলম্বোগামী এই ফ্লাইটটিতে কারিগরি সমস্যার কারণে অন্তত ১৮২ জন যাত্রীকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিমানের ভেতরে বন্দি করে রাখা হয়। এ সময় তাদের কাছে কোনো খাবার বা পানির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ফ্লাইট ৮ডি ০৯১২ ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিন সমস্যার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ যাত্রীদের বিমান থেকে নামতে দেয়নি। শেষ পর্যন্ত রোববার সকাল ৭টা ৫০ মিনিটে ফ্লাইটটি উড়োজাহাজটি উড্ডয়ন করতে সক্ষম হয়। তবে এই দীর্ঘ সময় ধরে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ যাত্রীদের সহায়তা না দেওয়া এবং যাত্রা বাতিলের দাবিতে অন্যদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী যাত্রী ও ‘গো গার্লস’-এর সহ-প্রতিষ্ঠাতা সোনিয়া রিফাত জানান, তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হলেও বারবার অনুনোধ করেও বিমান থেকে নামতে পারেননি। তিনি অভিযোগ করেন, সকাল সাড়ে ৭টার আগে পর্যন্ত কোনো খাবার সরবরাহ করা হয়নি, যা শিশু ও বয়স্কদের জন্য কষ্টদায়ক ছিল। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। অপর যাত্রী মেহরীন রহমান তার প্রথম একক ভ্রমণের অভিজ্ঞতাকে বিভীষিকা বলে অভিহিত করেছেন। তিনি জানান, ডায়াবেটিস রোগীসহ অসুস্থরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

