বন্যার্তদের পাশে সিভাসু, মানুষের সাথে পশুপালনের খাবারও বিতরণ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৮:১৭ এএম
বন্যার্তদের পাশে সিভাসু, মানুষের সাথে পশুপালনের খাবারও বিতরণ

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় মানুষের পাশাপাশি গৃহপালিত পশুর জন্যও খাবার ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে কাজ শুরু করেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। গত রোববার (১২ জুলাই) কাথারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে এই সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

পানিবন্দি মানুষের খাবার ও চিকিৎসার সংকট মেটাতে এবং গো-খাদ্যের অভাব পূরণে এই উদ্যোগ নেওয়া হয়। প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা রান্না করা খাবার, শুকনো খাবার, পানি, ওষুধ এবং গবাদিপশুর চিকিৎসার সরঞ্জাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যান। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, পোল্ট্রি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে মানুষ ও প্রাণীরা যেন ন্যূনতম ক্ষতির সম্মুখীন হয়, সেজন্য এই সপ্তাহজুড়ে ত্রাণ ও চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। এছাড়া ওয়ান হেলথ ইয়াং ভয়েস বাংলাদেশ, বাঁধন সিভাসু ইউনিট, রোটার‍্যাক্ট ক্লাব অব সিভাসু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিভাসু ইউনিট ও আইএএএসসহ বিভিন্ন সংগঠন এই কাজে সহযোগিতা করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...