বানভাসি মানুষ ও গরুর খাবার নিয়ে বাঁশখালীতে সিভাসু

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৫:৪৩ এএম
বানভাসি মানুষ ও গরুর খাবার নিয়ে বাঁশখালীতে সিভাসু

বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ার পাশাপাশি গৃহপালিত পশু নিয়েও চরম বিপাকে পড়েছেন বানভাসিরা। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মানুষের পাশাপাশি গরু-ছাগলের জন্যও খাবার ও চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। গত রোববার (১২ জুলাই) থেকে বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বৃত্ত বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রথম দিনেই ৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল এবং গো-খাদ্য ও পশুপালের ওষুধ বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের টিম। বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হুমায়ূন কবির এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান সরেজমিনে এই ত্রাণ বিতরণ কাজ তত্ত্বাবধান করেন।

এই মহতী উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন- বাঁধন, রোটার্যাক্ট ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, ডিবেটিং সোসাইটি এবং ওয়ান হেলথ ইয়াং ভয়েস বাংলাদেশ কাজ করছে। সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আগামী এক সপ্তাহ ধরে এই ত্রাণ ও চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...