প্রতারণার অর্থে কেনা খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ৪:৪৭ এএম
প্রতারণার অর্থে কেনা খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক মো. খায়রুল বাশার বাহারের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১২ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তদন্তে জানা গেছে, খায়রুল বাশার নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও আসলে তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা। আমেরিকা ও কানাডার মতো দেশগুলোতে স্বল্প খরচে এবং দ্রুত সময়ের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। এই অবৈধ অর্থ দিয়ে তিনি রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট ও বহুতল ভবন ক্রয় করেছেন।

সিআইডি সূত্রে জানা যায়, প্রতারণার মাধ্যমে অর্জিত এই অর্থ দিয়ে তিনি বড় স্ত্রীর নামে ভাটারায় একটি ফ্ল্যাট এবং দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা ওরফে ডোনারের নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট কেনেন। এছাড়া নিজ নামে রাজাবাজারে দুটি ফ্ল্যাট এবং আজিজ সড়কে জি+৭ ও জি+৬ তলা বিশিষ্ট দুটি বাড়ি রয়েছে তার। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন, যার সরকারি দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...