বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের খাবারের সাথে গো-খাদ্য বিতরণ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ২:৩৭ এএম
বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের খাবারের সাথে গো-খাদ্য বিতরণ

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষ ও গৃহপালিত পশুর দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মানুষের খাবারের সংকটের পাশাপাশি গবাদিপশুর খাবার নিয়েও সমস্যায় পড়তে হয় বন্যার্তদের। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সপ্তাহব্যাপী বিশেষ ত্রাণ ও চিকিৎসা সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে।

রোববার (১২ জুলাই) থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম দিনে ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল এবং ওষুধ দেওয়া হয়। একই সাথে গৃহপালিত পশুর জন্য গো-খাদ্য ও পশু চিকিৎসার সামগ্রী পৌঁছে দেয়া হয় বন্যার্তদের কাছে। সিভাসুর বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ূন কবির এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ত্রাণ বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।

এই মহান কাজে শিক্ষকদের পাশাপাশি সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ওয়ান হেলথ ইয়ং ভয়েস বাংলাদেশ, বাঁধন সিভাসু ইউনিট, সিভাসু ডিবেটিং সোসাইটি, রোটার‍্যাক্ট ক্লাব অব সিভাসু এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (সিভাসু ইউনিট) সদস্যরা এই কাজে অংশ নেন।

সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, বন্যাকবলিত এলাকায় মানুষ ও পশুর চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সপ্তাহব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...