বাঁশখালীতে বন্যার্তদের পাশে সিভাসু, মানুষের সাথে গরুরও খাবার দিচ্ছেন
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার পানিবন্দি মানুষ ও তাদের গৃহপালিত পশুদের দুর্ভোগ লাঘবে মাঠে নেমেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। রোববার (১২ জুলাই) থেকে বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী বিশেষ ত্রাণ ও চিকিৎসা সহায়তা কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্মসূচির প্রথম দিনেই বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যার কবলে পড়া গবাদিপশুর খাদ্য সংকট সমাধানের জন্য গো-খাদ্য ও পশুদের ওষুধও পৌঁছে দেয়া হয় বন্যার্তদের কাছে। বন্যার সময় মানুষের খাবারের সংকটের পাশাপাশি গরু-ছাগল লালন নিয়ে যে দুর্ভোগ তৈরি হয়, সিভাসুর এই উদ্যোগ তা কিছুটা হলেও প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হওয়ায় এই মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সিভাসুর শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে কাজ করে আগামী এক সপ্তাহ এই সহায়তা অব্যাহত রাখবে। এ সময় বহিরাঙ্গন পরিচালক ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণে অংশ নেন।

