মাটিকাটায় বৃষ্টির কবলে নাভিশ্বাস: কোমর পানিতে চরম দুর্ভোগ
রাজধানীর মাটিকাটা এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন অচল হয়ে পড়েছে। শনিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির ফলে রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এলাকার অলিগলিগুলো তলিয়ে ছিল। পানি নিষ্কাশনে সংশ্লিষ্টদের উদাসীনতায় ক্ষুব্ধ হয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, মাটিকাটা বাজার এলাকার বিভিন্ন স্থানে পানির উচ্চতা হাঁটু থেকে কোমর সমান। বাজারের অভ্যন্তরে চলাচলের জন্য মানুষকে রিকশা ভাড়া করতে হচ্ছে, যেখানে স্বল্প দূরত্বের জন্যই ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাবি করছেন রিকশাচালকরা। পানি সরাতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে ড্রেনের ঢাকনা খুলেছেন।
এলাকায় চরম ভোগান্তি চলছে। চেকপোস্ট থেকে মাটিকাটা বাজার পর্যন্ত যাত্রী পারাপার করছেন রিকশাচালক কামরুল। তিনি জানান, সকাল ৬টা থেকে শুরু করে তিনি শুধু বাজারের অল্প দূরত্বে মানুষ পার করছেন, দূরের কোনো যাত্রী তোলেননি। স্থানীয় মুদি দোকানি রুবেল অভিযোগ করে বলেন, এমন পরিস্থিতি তিনি আগে দেখেননি এবং পানি না কমায় সিটি করপোরেশনের কোনো তৎপরতা তিনি দেখেননি।
এদিকে মাটিকাটা-ইসিবি সংযোগ সড়কে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনে আরও বাধার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্মাণকাজের কারণে ভোগান্তি দ্বিগুণ হয়েছে বলেও জানা গেছে।

