চট্টগ্রামে বন্যার মাঝে সাপের দংশনে আহত ৭৫, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৭:৫৯ পিএম
চট্টগ্রামে বন্যার মাঝে সাপের দংশনে আহত ৭৫, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বন্যার পানি ঢুকে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ও বসতঘরে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, যার ফলে গত কয়েকদিনে অন্তত ৭৫ জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ২০ থেকে ২৫ জন।

ডা. জাহাঙ্গীর আলম জানান, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ বিশেষ মেডিকেল টিম গঠন করেছে। এসব টিম দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন বিতরণ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপে কাটার চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া, প্লাবিত এলাকায় অসুস্থ শিশু বা গর্ভবতী নারী থাকলে তাদের দ্রুত নৌকাযোগে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

যদিও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এখন মারাত্মক পর্যায়ে পৌঁছায়নি, তবে বন্যার পানি নেমে গেলে স্যানিটেশন সমস্যার কারণে এর সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন তিনি। এ অবস্থায় দুর্গতদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাতে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন এবং সাপে কাটলে ঝাড়ফুঁক না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...