কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রাকিবের, চাকরির আশা আর পূরণ হলো না

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৪:৫৮ পিএম
কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রাকিবের, চাকরির আশা আর পূরণ হলো না

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের সজোরে ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক। রোববার (১২ জুলাই) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম মো. রাকিব (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পথচারী আবু রায়হান জানান, বৃষ্টির মধ্যে রেললাইনে রক্তাক্ত অবস্থায় রাকিবকে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের বাসিন্দা রাকিব সদ্য অনার্স পাস করেছেন। তার মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে, তিনি কর্মসংস্থানের খোঁজে রোববার ভোরেই ঢাকায় এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সেই আশা আর পূরণ হলো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...