বন্যাদুর্গতদের বাঁচাতে ১১ জেলায় বিজিবি, বান্দরবানে ৬ শতাধিক উদ্ধার
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৯০টি পয়েন্টে বাহিনীটি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে বান্দরবানের বিপদগ্রস্ত এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের প্রায় ছয় শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বন্যাকবলিত মানুষদের জীবন ও সম্পদ রক্ষায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। বান্দরবানে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে উপড়ে পড়া গাছ ও ধ্বংসস্তূপ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা।
কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষার দায়িত্বের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অঙ্গীকার। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব এলাকায় উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

