বান্দরবানে বন্যার আগেই ১৫ হাজার ৬০০ পরিবারকে নগদ সহায়তা ডব্লিউএফপির
পার্বত্য চট্টগ্রামে বন্যার পূর্বাভাসের মধ্যেই বান্দরবানের ঝুঁকিপূর্ণ ১৫ হাজার ৬০০ পরিবারকে আগাম নগদ অর্থ সহায়তা দিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপি। দুর্যোগ আঘাত হানার আগেই জরুরি সহায়তা পৌঁছানোর লক্ষ্যে বান্দরবান সদর ও লামা উপজেলার এসব পরিবারের মোবাইল অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাঠানো হয়েছে।
টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়। ডব্লিউএফপির সহযোগী সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এর আওতায় প্রায় ৭৫ হাজার মানুষ এই সুবিধা পেয়েছেন। এছাড়াও সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাধীন পরিবারগুলোকে দুর্যোগ-সংবেদনশীল সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় টপ-আপ বা অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ডব্লিউএফপির বাংলাদেশ প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের তীব্রতা বাড়ছে, তাই দুর্যোগের আগেই পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। তিনি জানান, বন্যার তীব্রতা বৃদ্ধির পূর্বেই এই সহায়তা পৌঁছানোর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের খাদ্য নিরাপত্তা ও জীবিকা রক্ষা করতে পারবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনগুলোতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

