ঢামেক হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ১:৪৯ পিএম
ঢামেক হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সকালে ওই স্থানে পড়ে থাকা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবককে হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল পৌনে ১০টার দিকে স্টাফদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই ব্যক্তি পড়ে আছেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ক্যাম্প ইনচার্জ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবক মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...