টানা বৃষ্টিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রাণহানি ৪৩, ভুক্তভোগী ৮ লাখের বেশি
চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের মৃত্যুমিছিল থামছেই না। গত ছয় দিনে এই দুর্যোগে অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বিভাগের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, প্রাণহানির ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা।
শনিবার (১১ জুলাই) রাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যার মধ্যে কক্সবাজারে ২৩ জন (এর মধ্যে ১৩ জন রোহিঙ্গা), চট্টগ্রামে ১১ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন রয়েছেন। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বেশি হারে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা, যেখানে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সার্বিকভাবে কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি—সব জেলাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দুর্গত মানুষের জন্য বিভাগজুড়ে এক হাজার ৭২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে প্রায় ৩৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। ত্রাণ কার্যক্রম হিসেবে চট্টগ্রাম জেলায় ইতিমধ্যে ৫৪০ টন চাল, ৪৩ লাখ টাকার নগদ অর্থ, শুকনো ও রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রশাসন বলছে, আশ্রয়হীনদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে।

