রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে বাস টার্মিনাল ও গাবতলীতে কাঁচাবাজার
রাজধানীর চরম যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে বহুতল বাস টার্মিনাল এবং গাবতলীতে পাইকারি কাঁচাবাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শনিবার সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রস্তাবিত এসব স্থান পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলটি প্রথমে কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজার প্রিয় প্রাঙ্গন আবাসিক প্রকল্প এলাকায় যান। এখানে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন তারা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান এবং কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুকসহ সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দলটি গাবতলীর দ্বীপনগর এলাকায় গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিকল্পিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেন। এখানে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে কারওয়ান বাজারের আড়ত সরিয়ে গাবতলীতে বাজার স্থাপনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।
সবাই মিলে রাজধানীর যানজট কমানো এবং যাত্রী সেবার মান উন্নয়নে কেরানীগঞ্জে দ্রুত বহুতল টার্মিনাল নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি উপস্থাপন ও অনুমোদনের জন্য সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

