ডিএমসিতে প্রধানমন্ত্রী: সহধর্মিণীর হাত ধরে ‘দুলাভাই’ স্লোগান
ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাসে শনিবার এক অন্যরকম আবহ তৈরি হয়। ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানাতে শিক্ষার্থীরা একস্বরে ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’ স্লোগান দেন। শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে পা রাখতেই এই উচ্ছ্বাসমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা দেখে প্রধানমন্ত্রী দম্পতি মুচকি হাসেন।
ডা. জুবাইদা রহমান নিজে এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। ইম্পেরিয়াল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করা এই মেধাবী চিকিৎসক ১৯৯৫ সালের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। স্ত্রীর এই ঐতিহ্যের সূত্র ধরেই শনিবার সকালে গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে ক্যাম্পাসে আসেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় অডিটোরিয়ামে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় আর ‘দুলাভাই’ সম্বোধনে বরণ করে নেন ডিএমসিয়ানরা।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেলসহ ১০টি কলেজের জন্য ১৯টি আধুনিক হোস্টেল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্মারক বৃক্ষরোপণ এবং স্বাস্থ্য খাতের আধুনিকায়ন নিয়ে আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ডিএমসিয়ানদের ভূমিকার প্রশংসা করেন এবং তার সহধর্মিণীর প্রতি ক্যাম্পাসের এই ভালোবাসায় মুগ্ধ হন।

