স্ত্রীর প্রাক্তন কলেজে প্রধানমন্ত্রী, শোনা গেল দুলাভাই স্লোগান
ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ক্যাম্পাসের শহীদ ডা. মিলন অডিটোরিয়াম শনিবার এক অন্যরকম আমেজে মুখরিত হয়ে ওঠে। প্রতিষ্ঠানটির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে অডিটোরিয়ামে পা রাখতেই উপস্থিত চিকিৎসক ও শিক্ষার্থীরা সমস্বরে ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’ স্লোগান দিতে থাকেন। এমন উষ্ণ স্বাগতে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী মুচকি হাসেন।
ডাক্তার জুবাইদা রহমান নিজে এই ডিএমসিরই সাবেক ছাত্রী। এই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন এবং ১৯৯৫ সালের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। স্ত্রীর এই আবেগঘন সংযোগের কারণেই ক্যাম্পাসে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কাছে থেকে ‘দুলাভাই’ সম্বোধন পান। এর আগে সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল ক্যাম্পাসে পৌঁছান তিনি। পরে শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের জন্য ১৯টি আধুনিক হোস্টেল নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেলে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এ ছাড়া ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তারেক রহমান। এ সময় তিনি জানান, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তার সহধর্মিণী সর্বদা ভাবনা করেন। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

