প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিএমসিতে আবেগঘন স্বাগত
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে এক অন্যরকম আমন্ত্রণ জানান ডিএমসির শিক্ষার্থী ও শিক্ষকরা। শনিবার সকালে শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে পা রাখতেই সবাই একস্বরে ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’ স্লোগানে মুখর করে তোলেন পুরো প্রাঙ্গণ। প্রধানমন্ত্রীর সহধর্মিনী নিজেও এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় শিক্ষার্থীদের মাঝে এমন উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে সকাল ১০টায় ক্যাম্পাসে পৌঁছান। শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় ডা. জুবাইদা রহমান তার পাশেই ছিলেন। অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের জন্য ১৯টি আধুনিক হোস্টেল নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ঢাকা মেডিকেলে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস সম্পন্ন করার পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তার সহধর্মিনী দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে সর্বদা চিন্তিত। ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায়ও অংশ নেন তিনি। পরে ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

