বঙ্গবন্ধু বিচ্ছেদ চাননি: ২৫ মার্চে ঘোষণা না দেওয়ার কারণ জানালেন স্পিকার
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নতুন আলোচনা তুলে ধরেছেন জাতীয় সংসদ স্পিকার ও মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্রাসনের মুখেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেননি কারণ তিনি চাইতেন না যে পাকিস্তান ভেঙে যাক।
শনিবার রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, তৎকালীন নেতা তাজউদ্দিন আহমদ যখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানান, বঙ্গবন্ধু স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি বিচ্ছিন্নতাবাদী হতে পারেন না। এমনকি দেশের মানুষের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান অখণ্ড রাখার পক্ষে ছিলেন বলে দাবি করেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং মেজর জিয়াউর রহমানের অবদানকে সম্মান জানিয়ে বলেন, সেনা বাহিনীর ওই রেজিমেন্ট নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তার মতে, দেশ যখন হতাশায়, তখন জিয়াউর রহমানের ঘোষণাই জাতিকে যুদ্ধে অংশ নিতে প্রেরণা জুগিয়েছিল। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর একটি পক্ষ ইতিহাস বিকৃত করে কেবল ৭ই মার্চের ভাষণকে প্রাধান্য দিয়ে সব কৃতিত্ব আত্মসাৎ করতে চেয়েছিল।

