শাহ আমানতের জলজটে স্বস্তি: খাল খননে নেমেছে চট্টগ্রাম বন্দর

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৫:২৯ পিএম
শাহ আমানতের জলজটে স্বস্তি: খাল খননে নেমেছে চট্টগ্রাম বন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জমে থাকা পানি সরাতে এবং জলাবদ্ধতা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অর্থায়নে শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে বিমানবন্দর সংলগ্ন ১২ নম্বর খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। একইসাথে নগরীর বৃহত্তর অংশের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য কর্ণফুলী নদীতেও ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সেনাবাহিনীর নির্মাণ কাজের কারণে ১২ নম্বর খালের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় রানওয়ে এলাকায় পানি জমছিল। এ সমস্যা সমাধানে খালের পাশ দিয়ে একটি অস্থায়ী ডাইভারশন তৈরি করে পানি দ্রুত বের করে দেওয়া হয়েছে, যা জলাবদ্ধতা দূর করতে সহায়তা করেছে। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) সহযোগিতা করার অংশ হিসেবে করা হয়েছে। বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে খনন কাজের তত্ত্বাবধান করছেন।

শহরের পানি নিষ্কাশনের জন্য রাজাখালী, চাক্তাই, ফিসারি খাল ও মহেশখালের মতো গুরুত্বপূর্ণ খালগুলোর মোহনায় জরুরি ভিত্তিতে ড্রেজিং চলছে। গ্রাব ড্রেজার ও কাটার সাকশন ড্রেজার ব্যবহার করে কর্ণফুলী নদীতে পলি অপসারণ করা হচ্ছে। এর ফলে বৃষ্টির পানি দ্রুত নদীতে পতিত হতে পারছে, যা নগরীর অভ্যন্তরীণ জলাবদ্ধতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...