মাদকের চেয়ে খাদ্যে ভেজাল বেশি: সংসদে নারী এমপির অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৬:৩৬ পিএম
মাদকের চেয়ে খাদ্যে ভেজাল বেশি: সংসদে নারী এমপির অভিযোগ

জাতীয় সংসদে ভেজাল খাদ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তিনি বলেছেন, বর্তমানে মাদকের মধ্যে ভেজাল না থাকলেও দৈনন্দিন খাবারে ভেজালের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পুরক প্রশ্নের মাধ্যমে খাদ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা জানতে চান।

সাবিকুন্নাহার মুন্নী তার প্রশ্নে উল্লেখ করেন, ফলের মৌসুমে বাজারে প্রচুর ফল থাকলেও সাধারণ মানুষ কোনটি ফরমালিনমুক্ত বা স্বাস্থ্যের জন্য নিরাপদ তা চিনতে পারছে না। এ নিয়ে জনসাধারণের মধ্যে যে দুশ্চিন্তা তা তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, মাদকের দুনিয়ায় ভেজাল না থাকলেও খাদ্যের দুনিয়ায় কেন এত ভেজাল এবং এ অবস্থা আর কতদিন চলবে। খাদ্যের মান সংরক্ষণ ও জনগণকে ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ কী তা জানতে চান এই নারী সাংসদ।

খাদ্যমন্ত্রী জবাবে জানান, খাদ্যে ভেজালের কারণে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি এ নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। খাদ্যকে ভেজালমুক্ত করতে জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে ভেজালবিরোধী অভিযান জোরদার করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...