বাণিজ্যে নতুন মাত্রা, পাক হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল বুধবার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতীয় সংসদ ভবনস্থ মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানি হাইকমিশনার। তিনি জানান, গত বছরের তুলনায় দুই দেশের বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ থেকে ১০ হাজার টন পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ রয়েছে এবং সরকার এটি কাজে লাগালে বাণিজ্য আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। মন্ত্রী বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির পাশাপাশি নারী উদ্যোক্তাদের হস্তশিল্প রপ্তানিতেও সহযোগিতা প্রত্যাশা করেন।
বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ চলছে। এছাড়া সাইবার সিকিউরিটি ও এআইতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে যাওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

