রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল ও আন্তর্জাতিক ইস্যু: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় সংসদে রোহিঙ্গা ইস্যুকে একটি অত্যন্ত জটিল ও বহুমাত্রিক আন্তর্জাতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই সংকটের সমাধান মিয়ানমারের সদিচ্ছা, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের ওপর নির্ভরশীল। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, বিএনপি সরকারের আমলে ১৯৭৮ এবং ১৯৯২ সালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে রোহিঙ্গা সংকট সফলভাবে মোকাবিলা করা হয়েছিল। বর্তমান সরকার রোহিঙ্গাদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এছাড়াও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশ নৈতিক সমর্থন দিচ্ছে।
রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে সংলাপের গুরুত্বের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। এদিকে, ক্যাম্পগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি এবং ন্যাশনাল টাস্কফোর্স মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। সরকার ক্যাম্পের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

