স্যাটেলাইট-ড্রোনে নজরদারি: ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ৩:২৭ পিএম
স্যাটেলাইট-ড্রোনে নজরদারি: ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই বিপুল সংখ্যক গাছের সুরক্ষা ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্যাটেলাইট, ড্রোন প্রযুক্তি এবং ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে নজরদারি করা হবে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, রোপিত গাছের অবস্থান ও প্রবৃদ্ধি যাচাইয়ের জন্য স্যাটেলাইটভিত্তিক জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তির পাশাপাশি দুর্গম চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বনায়ন কাজ পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া সারাদেশের গাছের তথ্য সংরক্ষণ ও টিকে থাকার হার মনিটর করতে একটি কেন্দ্রীয় ‘ন্যাশনাল ট্রি ডাটাবেজ’ ও ‘ট্রি মনিটরিং সিস্টেম’ চালু করা হবে, যার জন্য একটি অ্যাপ তৈরি করা হবে।

তিনি আরও জানান, চলতি বছর বন অধিদপ্তরের মাধ্যমে এক কোটি ৫০ লাখ স্থানোপযোগী দেশীয় প্রজাতির চারা রোপণ করা হচ্ছে এবং জবরদখলমুক্ত বনভূমির ৪ হাজার ৮০০ হেক্টর এলাকায় নতুন বনায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় সাড়ে ৩ লাখ ‘সবুজ কর্মসংস্থান’ সৃষ্টি এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করে গ্রামীণ নারী ও যুবকদের স্বাবলম্বী করা হবে। কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং ইতিমধ্যে ৮৩ লাখেরও বেশি চারা রোপণ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...