সেফ সিটি প্রকল্প ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ১২:৫১ পিএম
সেফ সিটি প্রকল্প ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা চায় বাংলাদেশ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এবং পুলিশ বাহিনীর প্রশিক্ষণে দেশটির সহযোগিতা কামনা করেছেন। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, বৈঠকে ‘সেফ সিটি’ মডেল বাস্তবায়ন, পুলিশ কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ, মাদক চোরাচালান প্রতিরোধ, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত কথা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভীর ঢাকা সফরের সুফল তুলে ধরেন। তিনি উভয় দেশের সীমান্ত ও সমাজকে সুরক্ষিত রাখতে মাদক ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার রোধে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানান।

বৈঠকে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের ‘কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ (CNIC) প্রাপ্তিতে সমস্যার বিষয়টি তুলে ধরেন। পারিবারিক নথিপত্রের (Family Tree) অভাবে এই জনগোষ্ঠী নাগরিকত্ব ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির সমাধান চান। এছাড়া ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমান চলাচল শুরু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...